জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল উত্তর আফ্রিকা বিশেষ করে সংঘাতপূর্ণ লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে দুইদিনের সফরে মিসর ও তিউনিসিয়া যাচ্ছেন। বৃহস্পতিবার তিনি এ সফরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
মিসর সফরকালে মার্কেল দেশটির প্রেসিডেন্ট আব্দেল-ফাতাহ আল সিসির সঙ্গে বৈঠক করবেন। এসময় তিনি এ অঞ্চলের উন্নয়ন ও ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের যে আগমন বেড়ে গেছে তা নিয়েও তিনি আলোচনা করবেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একটি জাতীয় সরকার গঠন করা নিয়ে লিবিয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ কারণেই দেশটি থেকে ইউরোপের দেশগুলোতে যেতে চাওয়া লোকের সংখ্যা অনেক বেড়ে যায়।
মার্কেল জার্মানিতে আসতে থাকা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা হ্রাসের ব্যাপারে অনেক চাপের মুখে রয়েছেন। ২০১৫ সাল থেকে দেশটি দশ লাখেরও বেশি শরণার্থী গ্রহণ করেছে। তার সরকার সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসী প্রত্যাবাসন জোরদার করতে মাঘরেব রাষ্ট্রসমূহ ও মিসরের প্রতি আহবান জানিয়েছে। মার্কেল প্রথমে মিসর এবং পরে তিনি সেখান থেকে শুক্রবার তিউনিশিয়ায় যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট বেজি কাইদ ইসাবসির সঙ্গে সাক্ষাত করবেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির