মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটি। ওই কমিটিতে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্কিফ এ কথা বলেছেন।
এমএসএনবিসি চ্যানেলকে বুধবার স্কিফ বলেন, ‘আমরা পরিষদের গোয়েন্দা কমিটির সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠরা একটি লিখিত চুক্তিতে পৌঁছেছি যে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা দলের সংশ্লিষ্টতা নিয়ে আমরা তদন্ত করবো।’ কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান নেতা ডেভিন নুনেসও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, সাইবার হামলার মাধ্যমে রাশিয়া ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং তার দলের সুনামহানি করে ট্রাম্পকে নির্বাচনে জয়ী হতে সহায়তা করেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদের শেষ সময়ে বিষয়টি নিয়ে তদন্ত করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। যৌথ গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেছে ক্রেমলিন। যদিও ট্রাম্প এবং ক্রেমলিনের পক্ষ থেকে এ অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। তবে ওই অভিযোগের প্রেক্ষিতে ওবামা গত বছরের ডিসেম্বরে বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। এ কারণে দুই দেশের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছিল।
প্রসঙ্গত, ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফোনালাপের তথ্য ফাঁস হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। মার্কিন ইতিহাসে সবচে কম সময়ের জন্য নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন তিনি। এবার একই ধরনের অভিযোগ উঠেছে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, গত বছর অ্যালাবামার সিনেটর ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য থাকাকালে সেশনস যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে একাধিকবার বৈঠকে করেন। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির