ঢাবি ভিসির সঙ্গে ভিপি নুরের বৈঠক

এক শিক্ষার্থীকে মারধর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির শিক্ষক লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ভিপি নুর ছাড়াও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান ও ফারুকসহ অনেকে উপস্থিত আছেন। বৈঠক শেষ করে বের হয়ে নুর বলেন, বৈঠকে কী কথা হয়েছে তা তাদের পরবর্তী কর্মসূচিতে জানাবেন।

আরও পড়ুন: রাজধানীতে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ৬ প্রতারক আটক

মঙ্গলবার এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় বিচার দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ভিপি নুরুল হক নূর। শতাধিক শিক্ষার্থীসহ মিছিল নিয়ে নূর বিকালে এস এম হলে ঢুকলে তাদের দিকে ডিম নিক্ষেপ করেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, এক ফেসবুক পোস্টে নুরুল হক নূর বলেন, 'আজকের হামলার বিচার এবং হল থেকে অছাত্র, বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত ভিসি বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।'

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়া ফরিদ হাসানকে ছাত্রলীগ রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে- এমন অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মারধরের ঘটনা ঘটে।

 ইত্তেফাক/এমআরএম