নাটোরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত আশিক বাঁচতে চায়

নাটোরের মোঃ আশিকুর রহমান আশিক ব্রেন ক্যান্সারে আক্রান্ত। সে বাঁচতে চায়। তার বাবা ভূমিহীন মোঃ আমিন একজন অতি দরিদ্র চা দোকানদার। তার বাড়ি সদরের দীঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘী গ্রামে।

পার্শ্ববর্তী ইছলাবাড়ি গ্রামে মোঃ আমিনের চায়ের দোকান। অন্যের জায়গায় বাড়ি নির্মাণ করে ২ মেয়ে ১ ছেলে নিয়ে কোনমতে সংসার চালান তিনি। প্রায় দেড় মাস আগে মাথায় যন্ত্রণার কারণে আশিককে প্রথমে নাটোর মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে মেডিক্যাল টেস্টে আশিকের ব্রেন ক্যান্সার ধরা পড়ে।

বর্তমানে আশিক রাজশাহী মেডিক্যাল হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডের ৪১ নং বেডে রাজশাহী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ সুব্রত রঞ্জন সরকারের অধীনে চিকিৎসাধীন। একমাত্র ছেলে আশিকের ব্রেন ক্যান্সারের জন্য চিকিৎসা বাবদ এ পর্যন্ত মোঃ আমিনের প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। 

আশিকের চিকিৎসার ব্যাপারে তার বাবা মোঃ আমিন বলেন, ‘আমার ছেলের ব্রেন ক্যান্সারের জন্য প্রায় ৩ লাখ টাকা খরচ করেছি। আমি অতি দরিদ্র। ছেলের চিকিৎসার জন্য আরো অনেক টাকার দরকার। এতো টাকার যোগাড় করা আমার একার পক্ষে সম্ভব না।’

ছেলের ব্রেন ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। সেই সঙ্গে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের কাছেও আশিকের জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানান। 

আরও পড়ুনঃ নবাবগঞ্জে নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আশিকের ব্যাপারে জানতে এবং বিকাশে টাকা পাঠাতে ০১৬৮০৭৩৪৩০২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।

ইত্তেফাক/নূহু