কাশ্মীরে ভারতীয় সৈন্যদের গুলিতে এক পাকিস্তানি জওয়ান নিহত
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৫৮
কাশ্মীরে ভারতীয় সৈন্যদের গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। পাকিস্তান দাবি করেছে তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরের হাজী পীর সেক্টরে ভারতীয় সেনারা প্রথমে গুলিবর্ষণ করে। তবে ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের পক্ষ থেকেই উত্তেজনার সূত্রপাত ঘটে। এরপর তাদের পক্ষ থেকে গুলি চালানো হয়।
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল বিজেস পাণ্ডে বলেন, পাকিস্তানের আক্রমণের পরই কেবল আমাদের তরফ থেকে গুলি চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করলে একজন সাধারণ মানুষের বাড়ি বিধ্বস্ত হয়। তখন বাধ্য হয়ে আমাদের সেনারা পাল্টা গুলি ছোঁড়ে। মূলত পাকিস্তান সেনাবাহিনী উস্কানি সৃষ্টি করেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ৬০ বছরেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০০৩ সাল থেকে কাশ্মীরে যুদ্ধবিরতি চলছে। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী আক্রমণ করার পর থেকে পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া ভারত সন্দেহের চোখে দেখে আসছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের সাথে সব ধরনের শান্তি আলোচনা বন্ধ রেখেছে ভারত।