পাকিস্তানে ড্রোন হামলায় ১৭ জঙ্গি নিহত
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৫৯
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় মার্কিন ড্রোন হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাতজন। দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল রবিবার বেশ কয়েকটি ড্রোন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। হামলায় জঙ্গিদের তিনটি ঘািঁটও বিধ্বস্ত হয়েছে। তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াজিরিস্তানের বাবর ঘার এলাকায় পাঁচটি ড্রোন হামলা চালানো হয়।
এছাড়া আরো আটটির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এসব এলাকায়। বাবর ঘার এলাকায় হাকিম উল্লাহ মেহসুদের দল হাক্কানি নেটওয়ার্কের একটি ঘাঁটি থাকতে পারে সন্দেহ করে ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠীগুলোর কোন শীর্ষ নেতাকে লক্ষ্য করেই এসব ড্রোন হামলা চালানো হতে পারে। নতুন বছরের শুরুতে এখন পর্যন্ত তালেবানদের ওপর এধরনের চারটি বড় হামলা চালানো হলো। গত বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান ঘাঁটি লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ১০জন তালেবান নিহত হয়। ঐ দিনের হামলায় তালেবান কমান্ডার মুল্লা নাজির নিহত হন। এরপর গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানে অন্য একটি হামলায় কমপক্ষে ৪ জঙ্গি নিহত হয়।