ফুসফুসের সংক্রমণ থেকে সেরে উঠছেন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণ ও পিত্তথলির পাথর অপসারণের ধাক্কা সামলিয়ে এখন সেরে উঠেছেন। প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় জানিয়েছে, “ম্যান্ডেলা ধীরে ধীরে সেরে উঠেছেন এবং তিনি আরো সুস্থ হয়ে উঠবেন।” গত মাসে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন ৯৪ বছর বয়সী ম্যন্ডেলা। এর আগে ইস্ট কেইপ প্রদেশে তার গ্রামের বাড়িতে থাকাকালে তার চিকিত্সা শুরু হয়। ১৯৯০ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আর কখনো এত দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন না তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা এবং অনেকের মতে তিনিই জাতির পিতা। বহু বছর থেকে তার স্বাস্থ্য জটিলতা জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।