হেগেল প্রতিরক্ষামন্ত্রী ও ব্রেনান
সিআইএ প্রধান মনোনীত
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৬
সাবেক রিপাবলিকান সিনেটর চাক হেগেল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী ও সন্ত্রাসদমন বিষয়ক উপদেষ্টা জন ব্রেনান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসাবে মনোনীত হয়েছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দু’জনের মনোনয়ন ঘোষণা করেছেন। তবে তার এই মনোনয়ন নিয়ে সমালোচনা করেছেন কিছু রিপাবলিকান। তাদের বক্তব্য হেগেল ইসরাইল বিরোধী এবং ইরানের প্রতি নমনীয়। এছাড়া অনেকের বিশ্বাস তার নিয়োগ চূড়ান্ত হলে তিনি সেনাবাহিনীর বাজেটে কাটছাঁটের বিষয়টি বাস্তবায়ন করবেন। হেগেল ও ব্রেনানের মনোনয়নের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র সিনেটের ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয়পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও ওবামা তার সিদ্ধান্তে অটল থাকেন। ইসরাইল ও সমকামীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছিলেন হেগেল, আর বুশ প্রশাসনের অধীনে সিআইএ’র কর্মকর্তা হিসাবে দায়িত্বপালন করা ব্রেনান সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে প্রয়োগকৃত কৌশল (যাকে নির্যাতন হিসাবে বিবেচনা করা হয়) সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্নবিদ্ধ ছিলেন। তাদের নাম ঘোষণার সময় ওবামা বলেন, আমি আশা করছি সিনেট দ্রুত এ মনোনয়ন নিশ্চিত করবে। যখন এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তখন একজন নেতার বিদায় ও আরেকজনের অভিষেকের মধ্যে খুব বেশি সময় নেয়াটা আমরা পছন্দ করি না। তাই আমরা চাই এসব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক।
হেগেল, ব্রেনান ও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত ডেমোক্র্যাট সিনেটর জন কেরি এই তিনজন মিলে ওবামার জাতীয় প্রতিরক্ষা বিষয়ক দিকগুলো সামলাবেন। তাদেরকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিদ্যমান অচলাবস্থা ও সামরিক বাজেট হ্রাস করা সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলা করতে হবে। ওবামার প্রশংসা সত্ত্বেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনয়ন নিশ্চিত করতে ৬৬ বছর বয়সী হেগেলকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনের ইসরাইলি লবিকে একসময় সমালোচনা করেছিলেন হেগেল, তারা এখন হেগেলের মনোনয়নের বিরোধীতা করার জন্য প্রস্তুত হচ্ছেন।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনয়ন পাওয়ার মুখে প্রকাশিত এক সাক্ষাত্কারে হেগেল জানিয়েছেন, তিনি ইসরাইল বিরোধী নন এবং ইরানের পরমাণু প্রকল্প বন্ধের লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন। অপরদিকে, সাবেক সিআইএ কর্মকর্তা ৫৭ বছর বয়সী ব্রেনানের মনোনয়ন তেমন বাধার মুখে পড়বে না বলেই ধারণা করা হচ্ছে। সিআইএ’র কর্মকর্তা হিসাবে ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০০৮ সালে সিআইএ প্রধান পদের বিবেচনা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে সিআইএ’র প্রয়োগকৃত কৌশল নিয়ে সমালোচনার মুখে তিনি ওই পদক্ষেপ নিলেও তিনি সরাসরি বিষয়টির সঙ্গে জড়িত বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিআইএ’র বিতর্কিত ওই জিজ্ঞাসাবাদ কৌশলগুলোর মধ্যে ওয়াটারবোর্ডিং (ডুবে মারা যাওয়ার অনুভূতি তৈরির কৌশল) ও ঘুমাতে না দেয়া উল্লেখযোগ্য।
সন্ত্রাসদমন বিষয়ে ওবামার প্রধান উপদেষ্টা হিসাবে ব্রেনান ওসামা বিন লাদেন অভিযান পরিকল্পনার অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন এবং ইয়েমেনে ড্রোন হামলাসহ ওবামা প্রশাসনের অন্যান্য সন্ত্রাসবিরোধী পরিকল্পনাগুলোয় কেন্দ্রীয় চরিত্রগুলোর অন্যতম একজন হিসাবে ভূমিকা পালন করেছেন তিনি। গত বছর প্রণয়ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে পদত্যাগ করা সিআইএ’র সাবেক পরিচালক জেনারেল ডেভিড পেট্রাউসের স্থলাভিষিক্ত হবেন ব্রেনান।