পতাকা নামানো নিয়ে বেলফাস্টে সংঘর্ষ

ব্রিটিশ পতাকা নামানো নিয়ে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এ নিয়ে পাঁচদিন ধরে চলছে তুমুল সংঘর্ষ। তাতে এ পর্যন্ত আহত হয়েছেন ৫২ জন পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৭০ জনকে। বেলফাস্টের সিটি হলে সেই ১৯০৬ সাল থেকে উড়ছে ব্রিটিশ পতাকা। কিন্তু সম্প্রতি এক গণভোটে পতাকাটি সারা বছরের বদলে বছরের নির্দিষ্ট ১৭ দিন ওড়ানোর সিদ্ধান্ত হলে ক্ষোভে ফেটে পড়ে ব্রিটিশপন্থীরা। রাস্তায় নেমে ভাঙচুর, পুলিশের ওপর হামলা শুরু করে তারা। হামলায় ইট-পাটকেল, বোতলের পাশাপাশি পেট্রোল বোমাও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।—খবর ডয়চে ভেলে ১৯৯৮ সালের পর এই প্রথম এত বড় রকমের দাঙ্গা হতে দেখা যাচ্ছে উত্তর আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের সঙ্গে এক হওয়ার দাবি নিয়ে ক্যাথলিকদের, বিশেষত প্রটেস্ট্যান্ট ব্রিটিশপন্থীদের সঙ্গে যে বিরোধ চলছিল এক চুক্তির মাধ্যমে আপাতদৃষ্টিতে তার অবসান হয় সে বছর। পুলিশ ফেডারেশন ফর নরদার্ন আয়ারল্যান্ড (পিএফএনআই) ঘটনার জন্য ব্রিটিশপন্থীদেরই দায়ী করছে। বিবিসিকে এক কর্মকর্তা বলেছেন, পতাকা নিয়ে বিক্ষোভ শুরু হলেও পুলিশের ওপর ব্যাপক হামলা চালিয়ে ঘটনাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে| এ জন্য দুটি ব্রিটিশপন্থী উগ্র সংগঠন উলস্টার ভলান্টিয়ার ফোর্স (ইউভিএফ) এবং উলস্টার ফ্রিডম ফাইটার (ইউএফএফ)-কে দায়ী মনে করছে পুলিশ।