এমাসেই কংগ্রেসে শুনানি
হতে পারে হিলারির
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫০
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ রিপাবলিকান সিনেটর গত মঙ্গলবার জানিয়েছেন এমাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে কংগ্রেসে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ব্যাপারে সাক্ষ্য দিতে হতে পারে। সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান সদস্য বব করকার এক সাক্ষাত্কারে বলেন, এমাসের ২২ তারিখে তার শুনানি অনুষ্ঠিত হতে পারে। গতমাসে হিলারির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে যায়। একমাস অসুস্থ থাকার পর তিনি সোমবার অফিসে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, পদত্যাগের আগেই হিলারি কংগ্রেসে সাক্ষ্য দেবেন। ১১ সেপ্টেম্বর বেনগাজিতে দূতাবাসে হামলায় রাষ্ট্রদূতসহ ৪ আমেরিকান নিহত হন। এরপর থেকেই দূতাবাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়।