২০১৪ সালের পরে আফগানিস্তানে মার্কিন সেনা থাকবে না :হোয়াইট হাউস

প্রথমবারের মতো হোয়াইট হাউস বলেছে, ২০১৪ সালের পর আফগানিস্তানে কোনো মার্কিন সেনা থাকবে না। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হোয়াইট হাউজ এ কথা জানিয়েছে। কারজাই তিনদিনের এই সফরে বারাক ওবামাসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হবে না বলে জানা গেছে। কারজাই চান, আফগানিস্তানের গ্রাম ও শহর থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হোক। আফগানিস্তানে বর্তমানে ৬৮ হাজার মার্কিন সেনাসহ বিভিন্ন দেশের সৈন্য মোতায়েন রয়েছে। ২০১৪ সালের শেষে এদের আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে। সৈন্য প্রত্যাহার করা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুটি লক্ষ্য দ্বারা চালিত হবে। এগুলো হলো, আফগানিস্তান যেন আল-কায়েদার প্রশিক্ষণের জন্য নিরাপদ স্থান না হয় এবং আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করা।