প্যারিসে ৩ কুর্দি নারীকে হত্যা

প্যারিসে তিন কুর্দি নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ফ্রান্সের গণমাধ্যম বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে এ কথা বলেছে। নিহতদের মধ্যে একজন কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের সহ-প্রতিষ্ঠাতা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, নিহত তিনজনের মৃতদেহ প্যারিসে কুর্দি ইনস্টিটিউটের পাশে পাওয়া গেছে। তবে তাদের কি কারণে কিংবা কারা হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়াল ভেল বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বের করে আনা হবে। উল্লেখ্য, এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন বিবদমান তুর্কির সঙ্গে পিকেকের কারারুদ্ধ নেতা আব্দুল্লাহ ওকলানের বৈঠক চলছে। আলোচনার লক্ষ্য হচ্ছে এই জঙ্গি সংগঠনটিকে পুরোপুরি নিরস্ত্র করা। বিগত ২৫ বছরে তুর্কির সঙ্গে পিকেকের সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে।