৪৮ ইরানি জিম্মিকে মুক্ত দিল সিরিয়ার বিদ্রোহীরা

৪৮জন জিম্মি ইরানিকে মুক্তি দিল সিরিয়ার বিদ্রোহীর পক্ষ। সিরিয়া সরকার এবং বিদ্রোহীদের মধ্যে বন্দি-বিনিময় শর্তে গত বুধবার ওসব ইরানিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। এই বন্দিমুক্তি প্রক্রিয়ায় সিরিয়াসহ কয়েকটি প্রতিবেশী দেশ মধ্যস্থতা করে। খবর বিবিসি ও রয়টার্সের। ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র আহমেদ আল-খতিব ৪৮ ইরানির মুক্তির কথা স্বীকার করলেও সিরিয়ার সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি সম্প্রচার করেছে। এর আগে তুরস্কের হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন আইএইচএইচ জানিয়েছিল-দুই হাজার ১৩০জন বেসামরিক বন্দির বিনিময়ে ওসব ইরানিকে মুক্তি দেয়া হতে পারে। আইএইচএইচ বোর্ডের সদস্য ওসমান আতালে জানিয়েছিলেন—সিরীয় বন্দি নাগরিকদের বিনিময়ে বিদ্রোহীরা ইরানি জিম্মিদের মুক্তি দেবে। তবে তাদের মধ্যে কয়েকজন তুর্কিও রয়েছেন। পরবর্তী সময়ে তিনি বন্দি বিনিময় শুরু হওয়ার কথাও জানান। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে—তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় হলো। উল্লেখ্য, মুক্তিপ্রাপ্ত ৪৮ ইরানিকে গত আগস্টে সিরিয়ার বিদ্রোহীরা জিম্মি করে। সে সময় ফ্রি সিরিয়াস আর্মির আল-বারা ব্রিগেড জানিয়েছিল-ইরানের সশস্ত্র বাহিনী রেভুল্যুশনারি গার্ডের সদস্যরা সিরিয়ার সরকারের হয়ে কাজ করতে সিরিয়া এসেছে এবং সে প্রমাণ তারা পেয়েছেন। তবে ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।