শ্যাভেজের বিলম্বিত শপথ
বৈধ :আদালত
বিবিসি, রয়টার্স ও সিনহুয়া
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
নতুন মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে হুগো শ্যাভেজের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের সরকারি সিদ্ধান্তকে বৈধ বলে রুল দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে ভেনিজুয়েলার সংসদ ভোটাভুটির মাধ্যমে শ্যাভেজকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেয়ার বিষয়টি অনুমোদন করে। তবে বিরোধী দলে বলছে, এটি সংবিধানবিরোধী। এর ফলে চলমান রাজনৈতিক বিবাদের এখনই অবসান হচ্ছে না। ভেনিজুয়েলার সুপ্রিম কোর্টের সাত সদস্যের প্যানেল সর্বসম্মতভাবে শ্যাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করার পদক্ষেপকে বৈধ বলে রুল দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লুইসা এস্টেলা মোরলেস বলেছেন, কিউবায় চিকিত্সারত শ্যাভেজের অনুপস্থিতিকে অবৈধ বিবেচনা করা হবে সম্পূর্ণ অযৌক্তিক। প্রেসিডেন্ট হিসেবে তিনি পরবর্তী কোনো তারিখেও শপথগ্রহণ করতে পারবেন। টেলিভিশনে দেয়া ওই বিবৃতিতে মোরলেস আরো বলেন, সর্বোচ্চ আদালত মনে করে, অভিষেক অনুষ্ঠান বা শপথ একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। তবে প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরুর ক্ষেত্রে তা অপরিহার্য নয়। এদিকে, দেশটির বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট শ্যাভেজের অনুপস্থিতিতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা দূর হবে না। তিনি অভিযোগ করে বলেন, সুপ্রিম কোর্টের বিচারকরা দলীয় রাজনীতিতে অংশ নিয়ে দলের সমস্যা সমাধানে অভিভাবকত্ব করছেন।