অস্ত্র নিয়ন্ত্রণে প্রয়োজনে
নির্বাহী ক্ষমতা প্রয়োগ
করবেন ওবামা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
গত মাসে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের এলিমেন্টারি স্কুলে হত্যাকাণ্ডের ঘটনার পর অস্ত্র হামলা প্রতিরোধে প্রয়োজনে কার্যনির্বাহী আদেশ দেয়ার কথা বিবেচনা করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অস্ত্র সহিংসতা ঠেকাতে যেকোন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর তিনি। গত বুধবার হোয়াইট হাউসে ‘অস্ত্র সহিংসতার শিকার এবং অস্ত্র নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভায় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একথা বলেন।
বাইডেন বলেন, প্রশাসন আইন এবং কাজের সমন্বয় ঘটিয়ে যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করতে কাজ শুরু করবে। তাছাড়া আমরা চার বা পাঁচটি বিষয়ে জনগণের ভেতর ব্যাপক সচেতনতা তৈরি করতে পারি। তা আমরা করতে পারবো এবং করা উচিত আমাদের। এদিকে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একজন প্রতিনিধি বাইডেনের সাথে বৃহস্পতিবার সাক্ষাত্ করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে নিউটাউনে বন্দুক হামলার ঘটনার পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং সম্পূর্ণ দমন করার লক্ষ্যে ওমাবা ভাইস প্রেসিডেন্টকে বেশকিছু সুপারিশ প্রণয়ন করার কথা বলেন যা তিনি এ মাসের শেষের দিকে তার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে তুলে ধরবেন।