দারিদ্র্য বাড়ছে ইউরোপে

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউরোজোনের দেশগুলোর মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। উত্তরের তুলনামূলক স্থিতিশীল দেশগুলোর তুলনায় দক্ষিণের দেশগুলোর অবস্থা পড়তির দিকে। পরিবারের আয় সংরক্ষণেও সমর্থ হচ্ছে না অনেক দেশ। সব মিলিয়ে ইউরোপে যে ক্রমশ দারিদ্র্য বাড়ছে এটা এখন পরিষ্কার। চলতি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ খেসারত দিতে হচ্ছে ইউরোপকে। বেকারত্বের হার বাড়ছে, যাদের চাকরি নেই তাদের পক্ষে নতুন চাকরি পাওয়া দুরূহ হয়ে উঠছে। তাই অনেক মানুষই ক্রমশ দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছেন। ইউরোপীয় কমিশনের চাকরি, সামাজিক বিষয়াদি এবং অন্তর্ভুক্তি বিষয়ক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। অর্থনৈতিক মন্দা যখন শুরু হয় তখন কমিশন এবং ইইউ সদস্য দেশগুলো সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছিল এই বলে যে, সামাজিক ব্যবস্থা মন্দার ধাক্কা কিছুটা হলেও সামাল দেবে এবং স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। তবে কর থেকে আয় কমে যাওয়ায় এবং ব্যয় বেড়ে যাওয়ায় অনেক দেশের পক্ষে মন্দার ফলে পারিবারিক আয়ে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ অসম্ভব হয়ে পড়ছে। অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপের বিভিন্ন অঞ্চলের মধ্যে নানা ধরনের ব্যবধানও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। উত্তরাঞ্চল মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকলেও দক্ষিণের অবস্থা ক্রমশ পড়তির দিকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বেকারত্বের কথা। ইউরোপীয় পরিসংখ্যান কর্তৃপক্ষ ইউরোস্ট্যাটের দেয়া তথ্য অনুযায়ী অস্ট্রিয়াতে এখন বেকারত্বের হার চার দশমিক পাঁচ শতাংশ। অন্যদিকে স্পেনে এই হার ২৬ দশমিক ছয় শতাংশ।—খবর ডয়েচে ভেলের