চীনের সমালোচনায়
জাপানের নতুন
প্রধানমন্ত্রী
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ১৯:২৭
পূর্ব চীন সাগরের দ্বীপের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে চীনে অবস্থিত জাপানি বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকের ওপর হামলার সমালোচনা করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি করাকে একটি ‘ভুল’ কাজ বলে অভিহিত করেন তিনি। মন্ত্রিসভায় একটি প্রণোদনা প্যাকেজ অনুমোদন হবার পর গতকাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অ্যাবে বলেন, চীনে জাপানি কোম্পানি ও নাগরিকদের ওপর হামলার ফলে তার দেশের সম্পদের ক্ষতি হয়েছে। অথচ চীনের রাজনৈতিক লক্ষ্য পূরণে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে এসব প্রতিষ্ঠান অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই একটি জাতি হিসাবে এটা খুব ভুল আচরণ। এজন্য আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে তাদের দায়ী হওয়া উচিত। এই দ্বীপটি জাপানিদের কাছে সেনকাকু এবং চীনে দিয়াওজু নামে পরিচিত। জাপানিদের নিয়ন্ত্রণে দ্বীপটি থাকলেও চীন ও তাইপে এর মালিকানা দাবি করে আসছে।