‘ব্রাহিমি ঘোরতর পক্ষপাতদুষ্ট’

জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমিকে ‘ঘোরতর পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছে সিরিয়া। দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সে সরকারে থাকবেন না— গত বুধবার ব্রাহিমির এমন মন্তব্যের পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রাহিমির মন্তব্যটি খুবই বিস্ময়কর, যা প্রমাণ করেছে, ‘যারা সিরিয়া এবং এর জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি তাদের প্রতি ঘোরতর পক্ষপাতদুষ্ট’। এদিকে, সিরিয়ার আল ওয়াতান পত্রিকা বলেছে, যুদ্ধবিরতির আড়ালে কিছু পশ্চিমা দেশের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রাহিমি তার ‘নিরপেক্ষতার মুখোশ’ খুলে ফেলেছে। এর আগে গত বুধবার কায়রোতে রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে সিরিয়া সঙ্কট সমাধানে ‘জেনেভা পরিকল্পনা’ এখনো মূল ভিত্তি বলে জানান লাখদার ব্রাহিমি। জেনেভায় গতবছর শক্তিধর রাষ্ট্রগুলোর বৈঠকে সিরিয়ায় বিবদমান পক্ষগুলোকে নিয়ে যে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করা হয়েছিল সে সরকারে বাশার আল-আসাদের অবস্থান সম্পর্কে ব্রাহিমি বলেন, “তিনি অবশ্যই ওই সরকারের সদস্য থাকবেন না”।