জেনেভায় গঠনমূলক আলোচনা রাশিয়ার সন্তুষ্টি প্রকাশ

দীর্ঘদিন ধরে চলতে থাকা সিরিয়ার সংকট নিরসনের লক্ষ্যে গত সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনা গঠনমূলক হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছে রাশিয়া। গত সোমবার দেশটি যখন এ ইতিবাচক মনোভাব ব্যক্ত করলো ঠিক তখনই সারারাত মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়েছে রাজধানী দামেস্ক।-খবর সিনহুয়ার এর আগে গত শক্রবার সিরিয়াবিষয়ক জাতিসংঘ-আরব লীগের শান্তিদূত লাখদার ব্রাহিমি, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এবং যুক্তরাষ্ট্রের সহকারী সচিব উইলিয়াম বার্নস জেনেভায় সিরিয়া পরিস্থিতি নিয়ে এক আলোচনায় মিলিত হন। আলোচনায় দেশটিতে দ্রুত সব ধরনের সহিংসতা বন্ধে তারা তিনজনই গুরুত্বারোপ করেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী বোগদানভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এটা একটি গঠনমূলক আলোচনা ছিল। বোগদানভ বলেন, সিরিয়ার বিষয়ে তারাও আমাদের মতই উদ্বিগ্ন। তারা চান দেশটির পরিস্থিতির আর যেন কোন অবনতি না ঘটে এবং যতটা দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো। এক মাসেরও কম সময়ের মধ্যে তারা দ্বিতীয়বারের মত এ বৈঠকে বসলেন। এছাড়া দেশটিতে জাতিসংঘের আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রেরণের বিষয়েও সেখানে আলোচনা করা হয়। এদিকে সিরিয়া বিষয়ে ব্রাহিমির নতুন একটি প্রস্তাবনা প্রকাশের পর ২৫, ২৬ এবং ২৭ জানুয়ারি দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এক সভার আহ্বান করেছে নিরাপত্তা পরিষদ। তবে এতে কারা অংশগ্রহণ করবে সে বিষয়টি পরিষদ এখনও নিশ্চিত করেনি বলে বোগদানভ জানিয়েছেন। এদিকে সোমবারও দামেস্কের মুহাজিরিন এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।