আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৮৩

সিরিয়ার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুটি বিস্ফোরণে ৮৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রথম দিন স্থাপত্য অনুষদ ও আবাসিক হলের মাঝামাঝি একটি স্থানে এ ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। দেশটির সরকার ও বিরোধী পক্ষ উভয়েই এ হামলার কথা নিশ্চিত করেছে। তবে আলেপ্পোর গভর্ণর বলেছেন, এ হামলায় ৮২ জন নিহত হয়েছে। আলেপ্পোর কিছু সরকারবিরোধী আন্দোলনকারী বিস্ফোরণের জন্য বাশার বাহিনীর হামলাকে দায়ী করেছেন। অপরদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করে বলা হয়েছে, তাদের ছোঁড়া দুটি রকেট বিশ্ববিদ্যালয়টিতে বিস্ফোরিত হয়েছে। এ কারণে হতাহতের ঘটনা ঘটে। এক বিদ্রোহী যোদ্ধা বলেছেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রই এই বিস্ফোরণের কারণ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস চিকিত্সক ও ছাত্রদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে রাস্তায় একটি মৃতদেহ পড়ে আছে এবং কয়েকটি গাড়ি পুড়ছে, বিশ্ববিদ্যালয়ের একটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথম বিস্ফোরণের পর ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে বইপত্র সরিয়ে নিচ্ছে, উদগিরিত ধোঁঁয়া এড়াতে দ্রুত হাঁটছিলেন তারা। এ সময় আরেকটি বিস্ফোরণে পুরো দৃশ্যপট পাল্টে যায় এবং লোকজন ছোটাছুটি শুরু করে। গাড়ি পোড়ার ফলে দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে বলে ধারণা করছে মানবাধিকার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার দুই বছরব্যাপী গৃহযুদ্ধে আলেপ্পোয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে অধিকাংশ ভয়াবহ সহিংসতা ঘটেছে।