মিসরে ভবন ধসে ২৫ জনের প্রাণহানি

মিসরের উপকূলবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় বুধবার একটি ভবন ধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ঐ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হযেছে। তবে ভবন ধসের কারণ এখনো স্পষ্ট নয়। খুব সকালে ভবন ধসের ঘটনার কারণে অধিকাংশ বাসিন্দা বাসায় ঘুমে ছিল। এ ঘটনার একদিন আগে রাজধানীর দক্ষিণাঞ্চলে একটি সামরিক ট্রেন লাইনচ্যুত হয়ে সেনাবাহিনীতে সদ্য যোগ দেয়া ১৯ নবীন সেনা নিহত হয়। ঐ দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে বিক্ষোভ করে স্থানীয় লোকেরা। আলেকজান্দ্রিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা পুলিশের মেজর জেনারেল আবদেল বলেন, আটতলা বিশিষ্ট ঐ ভবনটি পাঁচ বছর আগে নির্মাণ করা হয়। মিসরে ভবন ধসের ঘটনা নতুন কোন ঘটনা নয়। কারণ সেখানে ভবন নির্মাণ নীতিমালা অনেক সময় সঠিকভাবে মানা হয় না।