আলজেরিয়ায় ২০ বিদেশিকে জিম্মি করেছে জঙ্গিরা

আলজেরিয়ায় একটি গ্যাস ফিল্ডে কর্মরত দুই শ্রমিককে হত্যা এবং ২০ বিদেশি শ্রমিককে জিম্মি করেছে জঙ্গিরা। এ ঘটনার পর গ্যাস ফিল্ডের একটি ভবনে অবস্থান নেয়া জঙ্গিদের ঘিরে রেখেছে দেশটির সেনাসদস্যরা । এই গ্যাস ফিল্ডটি আলজেরিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পনি সোনাট্র্যাক, ব্রিটিশ তেল কোম্পানি বিপি এবং নরওয়ের কোম্পানি স্টাটয়েল যৌথভাবে পরিচালনা করে আসছে। অপহরণকারীরা গত বুধবার আলজেরিয়ার পূর্বে অবস্থিত আমেনায় শ্রমিকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে শ্রমিকদের জিম্মি করে। এ সময় দুই শ্রমিক নিহত বেশ কয়েকজন আহত হয়। নিহতদের মধ্যে একজন ব্রিটেনের অধিবাসী, আরেকজন আলজেরিয়ান। হামলায় দুই ব্রিটিশ, এক নরওয়েজিয়ান এবং দুইজন পুলিশ আহত হয়। বন্দিদের মধ্যে ব্রিটেন, জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং নরওয়ের নাগরিকরা রয়েছেন। জানা গেছে, জঙ্গিরা জিম্মি বিদেশি শ্রমিকদের নিয়ে গ্যাস ফিল্ডের একটি ভবনে অবস্থান নেয়। বেশ কয়েকজন আলজেরিয়ার শ্রমিককে ছেড়ে দেয় তারা। এদিকে, অভিযুক্ত জঙ্গি গ্রুপটির একজন মুখপাত্র জানান, তারা ৪১ জন বিদেশিকে অপহরণ করেছে। আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাহো ওলদ কাবিলা বলেছেন, জঙ্গিরা জিম্মিদের নিয়ে দেশত্যাগ করতে চায়। কিন্তু তিনি তাদের যেতে চাওয়াকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যারা বিভিন্ন দেশের ২০ জনের মতো নাগরিককে জিম্মি করেছে, সেই গ্রুপটির সাথে আমরা সব ধরনের আলোচনা বাতিল করেছি। তিনি আরো জানান, অপহরণকারীরা আলজেরিয়ার অধিবাসী এবং মোখতার বেলমোখতারের অনুসারী। মোখতার গত বছরের শেষের দিক পর্যন্ত আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের (একিউআইএম) সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজেই একটি সশস্ত্র গ্রুপ গঠন করেন।