মালিতে ফরাসি সেনাবাহিনীর স্থলযুদ্ধ শুরু

ফরাসি সেনাবাহিনী মালিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তাদের সাথে মালির সেনাবাহিনীও যোগ দিয়েছে। ফরাসি কর্তৃপক্ষ বলছে জঙ্গিরা বেশ সংঘবদ্ধ বলে তাদের মনে হচ্ছে। গতরাতে ফরাসি যুদ্ধবিমান দিয়াবলে শহরে জঙ্গিদের ঘাঁটির উপর বোমাবর্ষণ করলে তারা তাদের অবস্থান থেকে সরে যায়। এদিকে বৃহস্পতিবার এই যৌথ বাহিনীতে নাইজেরিয়ার সেনাদের যোগ দেয়ার কথা। মালিতে সেনা অভিযান শুরুর আগে ফ্রান্স বলেছিল, তাদের এই অভিযান চলবে শুধু আকাশপথে। এছাড়া তারা মালির সেনাবাহিনীকে অস্ত্রপাতি, পরামর্শ দিয়ে সাহায্য করবে। কিন্তু তার ক’দিন পরেই এখন বিমান হামলার পাশাপাশি স্থলেও যুদ্ধ শুরু করেছে ফরাসি সৈন্যরা।