মালিতে বিদ্রোহীদের সাথে লড়াই অব্যাহত

মালিতে ফ্রান্সের সমর্থনে দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও পশ্চিম আফ্রিকার এই উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সাথে লড়াইয়ের খবর পাওয়া গেছে। এদিকে আফ্রিকা অঞ্চল থেকে দেশটির সমর্থনে সৈন্য প্রেরণ চলছে বলে জানা গেছে। খবর সিনহুয়ার। বৃহস্পতিবার বিকেলে দেশটির সেনাবাহিনী রাজধানী বামাকো থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থিত কোন্না শহর দখলে নিয়ে আসে। গত সপ্তাহে বিদ্রোহীরা এলাকাটি হস্তগত করে বলে নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে। এর ফলে দেশটির মধ্যাঞ্চলে সেনাবাহিনীর শক্ত অবস্থান তৈরি হল। সূত্রটি আরো জানায়, সেনার শহরটি পুনরায় দখলে নেয়ায় স্থানীরা আনন্দে ফেটে পড়ে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক জাতীয় টেলিভিশনে সংবাদটি প্রচার করা হয়। এ এলাকায় সেনাবাহিনী অতর্কিত হামলা চালালে বুধ ও বৃহস্পতিবার দুই পক্ষের ভেতর ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিদ্রোহী গোষ্ঠীর অনেকে নিহত হয়েছে। এছাড়া তাদের গুরুত্বপূর্ণ বেশকিছু অস্ত্রশস্ত্রেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এদিকে মালির বিদ্রোহীদের দমনে গতকাল শুক্রবার থেকে ‘দ্যা ইন্টারন্যাশনাল সাপোর্ট মিশন ফর মালি’ (এমআইএসএমএ) শুরু হয়েছে বলে জানিয়েছে ইকোয়াসের চেয়ারম্যান।