সিডনিতে তীব্র দাবদাহ

চুয়াত্তর বছর পর তীব্র দাবদাহে একটি দিন কাটালো অস্ট্রেলিয়ার সিডনি শহরের অধিবাসীরা। গতকাল শুক্রবার শহরটিতে তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় ৪৬ ডিগ্রী সেলসিয়াস। তীব্র গরমে লোকজনের প্রায় নাভিশ্বাস উঠে যায়। অবজারভেটরি হিল জানায়, এদিন সিডনিতে গড় তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শহরটির কোথাও কোথাও তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে উঠে যায়। পশ্চিমের পেনরিথ শহরে তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপে দাবানলে পুড়ছে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার অসংখ্য জায়গা। আগুন নেভাতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা। পূর্ব ভিক্টোরিয়ার ছোট শহর লিকোলাতে ৪৪ হাজার পাঁচশত হেক্টর জমি আগুনে পুড়ছে। ১৯৩৯ সালে সিডনিতে তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস । যা ছিল শহরটিতে এ যাবত্কালে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা।