সব তালেবান বন্দিকে মুক্তি দিবে পাকিস্তান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:০২
পাকিস্তান তাদের কারাগারে বন্দি সব আফগান তালেবানকে মুক্তি দিতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র সচিব জলিল জিলানি শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। জলিল জিলানি বলেন, আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক স্বার্থ বিনিময়ের অংশ হিসাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে অনেক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে পর্যায়ক্রমে সব তালেবান বন্দীকে মুক্তি দেয়া হবে। এই মুক্তি প্রক্রিয়ার মধ্যে তালেবানের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মোল্লা বারাদারও রয়েছেন। বাকিদেরও আমরা মুক্তির ব্যবস্থা করবো। আবুধাবিতে অবস্থিত আফগান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূলত জলিলির এ বক্তব্যটি আফগানিস্তান এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি ডেভিড পেরেস ও আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জওয়াদ লুদিনের সঙ্গে বৈঠকের পর এসেছে। ওই বৈঠকে লুদিন সাংবাদিকদের বলেন, আমাদের এ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে উভয় দেশের মধ্যে সম্পর্ককে উন্নত করা, যা আমাদের এ অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সামপ্রতিক সময়ে কয়েকজন তালেবান বন্দিকে মুক্তি দেয়ার মাধ্যমে শান্তি প্রক্রিয়ার এ আলোচনায় নতুন এক মাত্রা যোগ হয়েছে। এ সকল কারণে চলতি ২০১৩ সাল হবে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর। আমরা আশা করছি এ বছরেই এর একটা ভালো ফলাফল পাবো।