নাটালি উডের মৃত্যু নিয়ে নতুন রহস্য
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:০৩
হলিউডে একসময়ে নামী তারকা ছিলেন নাটালি উড। ১৯৮১ সালে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এতকাল পর পুলিশ আবার সেই কেস ফাইল খুলেছে। আর বের হয়ে এসেছে এক নতুন চমক!
মাত্র ৪৩ বছর বয়সে জলে ডুবে মৃত্যু হয়েছিল নাটালি উড-এর। ক্যালিফোর্নিয়া রাজ্যের ক্যাটালিনা দ্বীপের কাছে তাদের নৌকায় ঘটনাটি ঘটে। সারা সন্ধ্যা অভিনেতা স্বামী রবার্ট ওয়াগনার ও আরেক অভিনেতা ক্রিস্টোফর ওয়াকেন-এর সঙ্গে কাটিয়েছিলেন নাটালি। যাই হোক, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলেই ধরে নেয়া হয়েছিল সে সময়। চলতি সপ্তাহে নতুন এক রিপোর্টে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, উড, ওয়াগনার ও ওয়াকেন—তিনজনই সেই সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই তারা রেস্তোরাঁ থেকে নৌকায় ফেরেন। তারপরও মদ্যপান চলতে থাকে। নতুন রিপোর্ট অনুযায়ী, নাটালির শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা দুর্ঘটনার কারণে ঘটতে পারে না। বলাবাহুল্য, ডিঙি নৌকায় নাটালির সঙ্গে ছিলেন একমাত্র রবার্ট।
এতকাল পর স্ত্রীর মৃত্যু নিয়ে পুলিশের এই তত্পরতায় মোটেই খুশি নন তিনি। তার সাফ কথা, যা বলার তা আগেই বলেছি, নতুন করে বলার কিছু নেই। তাই গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন রবার্ট। আইনজীবীর মাধ্যমে তিনি বলেছেন, মৃত্যুর প্রায় তিন দশক পর যারা নতুন করে জলঘোলা করছেন, তারা আসলে চমক সৃষ্টি করে ঘটনা থেকে ফায়দা তুলতে চান। —ডয়চে ভেলে