শর্ত মেনে আর জোট নয়
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:০৩
পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফেরার আগ্রহ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তে আর জোট নয়। শুক্রবার ভারতের জয়পুরে দলের এক সভায় নাম না করে এমনই ইঙ্গিত করলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, যে রাজ্যগুলোতে আমাদের জোট রয়েছে, সেখানে শরিক দলগুলোর প্রতি শ্রদ্ধা জানানো যেমন জরুরি, তেমনই শরিক দলের কোন চাপে আমাদের দলের যেন ক্ষতি না হয় তা-ও দেখতে হবে।—খবর আনন্দবাজার পত্রিকার।
পশ্চিমবঙ্গের তৃণমূল ছাড়াও সমপ্রতি অন্ধ্রপ্রদেশের আসাউদ্দিন ওয়াইসি-র এমআইএম, ঝাড়খণ্ডের বাবুলাল মরান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ইউপিএ ছেড়ে চলে গেছে। একের পর এক শরিকদের এই বিদায় খুব সুখকর বলে মনে করছেন না সোনিয়া গান্ধী। কারণ, একার শক্তিতে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে, এমন সম্ভাবনার ইঙ্গিত এখনও পর্যন্ত নেই।
সোনিয়া গান্ধী বলেন, কিছু রাজ্যে বহু দিন ধরে আমরা ক্ষমতার বাইরে। আমরা বিশ্বাস করি ক্ষমতায় থাকাটাই আমাদের রাজনৈতিক কার্যকলাপের প্রধান উদ্দেশ্য নয়। কিন্তু এটাও ঠিক যে, দীর্ঘদিন ক্ষমতায় না-থাকলে সাংগঠনিক সামর্থ্য ও মানসিক শক্তির উপরে নেতিবাচক প্রভাব পড়বে। এই মন্তব্য করে সোনিয়া বুঝিয়েছেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসতে আগ্রহী। সে জন্য তারা যে জোট বাঁধার বিরুদ্ধে এমনও নয়। কিন্তু এ ব্যাপারে দল কতটা এগোবে, তার লক্ষণরেখাও বেঁধে দিলেন সোনিয়া।