সংবাদ কণিকা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
বিল গেটসের বেশি
অর্থের প্রয়োজন নেই
ধনকুবের বলে বিশ্বজুড়ে খ্যাতি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। তার সম্পত্তির পরিমাণ হার মানায় দু’টি কেনিয়ার রাজকোষকে। কিন্তু দরিদ্র মানুষের সাহায্যে বিপুল অর্থ দিয়ে যেতে চান তিনি। পোলিও দূর করতে ২ কোটি ৮০ লাখ টাকা আগেই দান করেছেন তিনি। গেটসের বক্তব্য, একটি সীমার পরে তার অর্থের প্রয়োজন নেই। বাকি অর্থ দিয়ে একটি সংগঠন গড়ে বিশ্বের দরিদ্র মানুষকে সাহায্য করতে চান তিনি। তবে পোলিও দূরীকরণের আড়ালে নানা পশ্চিমী সংগঠন বন্ধ্যাত্বকরণসহ নানা কর্মসূচি চালাচ্ছে বলে অনেক দেশে প্রচার চলছে। কিন্তু তা পোলিও দূরীকরণ কর্মসূচির সাফল্য রুখতে পারবে না বলে মনে করেন গেটস। বিবিসি
চাঁদে নতুন মহাকাশযান পাঠাবে রাশিয়া
২০১৫ সালে শুরু নতুন অনুসন্ধানী মিশনে লুনা-গ্লোব নামের মানুষবিহীন মহাকাশযান চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে নতুন একটি স্পেস স্টেশন বানাচ্ছে রাশিয়া। নতুন স্পেস স্টেশন থেকেই মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে লুনা-গ্লোব। নতুন স্পেস স্টেশনটি চালু হলে স্পেস মিশনের জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত কাজাখস্তানের বাইকোনার কসমোড্রোমের ওপর আর নির্ভর করতে হবে না রাশিয়াকে। রাশিয়া সর্বশেষ চাঁদের বুকে মনুষবিহীন মহাকাশযান পাঠাতে সফল হয়েছিলো ’৭০-এর দশকে। এরপর একাধিক অসফল মহাকাশ মিশন চালিয়েছে দেশটি। এর সর্বশেষ ছিল ২০১১ সালের মার্স মিশন। রয়টার্স
ছবির বিষয় কর্মক্ষেত্রে যৌন হয়রানি
কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ক একটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এমন এক সময় এই ছবি মুক্তি পেল, যখন কিনা নয়াদিল্লিতে গণধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কের মুখে রয়েছে বলিউডও। ছবির নাম ‘ইনকার’ মানে অস্বীকার। অপরাধ এবং ভালোবাসার মিশ্রণে তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একটি বিজ্ঞাপনী সংস্থার পুরুষ প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল এবং উচ্চাভিলাষী নারী মায়া, যে কিনা কাজ করে সেই প্রতিষ্ঠানে। বিজ্ঞাপনী সংস্থাটির প্রসারে মায়ার ভূমিকাও অনেক। কিন্তু হঠাত্ করেই একদিন রাহুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে সে। আর সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে রাহুল। ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, যৌন হয়রানির মতো কঠিন ইস্যু নিয়ে এটি তৈরি করা হলেও শেষতক পুরুষের আধিপত্যই ফুটে উঠেছে। অন্যরা বলছেন, ইনকারে কর্মক্ষেত্রের এক অন্ধকার দিক তুলে ধরা হয়েছে, এরকম ছবি আরো বেশি করে তৈরি করা উচিত। রয়টার্স
পারদ নিঃসরণ কমাতে
আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর
জাতিসংঘের পরিবেশ উন্নয়ন কর্মসূচি ইউএনইপি শনিবার জানিয়েছে, পারদ নিঃসরণ কমাতে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আলোকে সংশ্লিষ্ট দেশগুলো থার্মোমিটার, ফ্লুরোসেন্ট বাল্বের মতো গৃহস্থালীতে ব্যবহূত বিভিন্ন জিনিসসহ বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র ও সিমেন্ট কারখানা থেকে পারদের নিঃসরণ কমাবে। “স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্যতম কুখ্যাত ধাতুটির ওপর বিশ্বের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতে জানুয়ারির ১৯ তারিখ সকালে একটি চুি্ক্ত স্বাক্ষরে সবাই একমত হয়েছে,” বললেন ইউএনইপি’র মুখপাত্র নিক নুট্টাল। পারদ দূষণের শিকার জাপানি শহর মিনামাতার নামে চুক্তিটিকে ‘মিনামাতা কনভেনশন অন মার্কারি’ বলে চিহ্নিত করা হয়েছে। বিশ শতকের মাঝামাঝি শিল্পক্ষেত্র থেকে নির্গত পারদ বাষ্পের বিষে মিনামাতা শহরবাসীরা আক্রান্ত হয়েছিল। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চুক্তিটির বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে ইউএনইপি। রয়টার্স