রেকর্ড গড়েছেন ওবামা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২০:০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে সোমবার শপথ নিয়েছেন বারাক ওবামা। এ অনুষ্ঠানেই হয়েছে নতুন এক রেকর্ড। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার দিনে চতুর্থবারের মতো শপথ নিতে হয়েছে বারাক ওবামাকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির আর নেই। চারবার শপথ নিয়েছিলেন আরো একজন। ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট। তবে তিনি চারবার, অর্থাত্ ১৯৩২, ১৯৩৬, ১৯৪০ এবং ১৯৪৪— এই চার দফা প্রেসিডেন্ট হয়ে শপথ নিয়েছিলেন। এখন অবশ্য দু’বারের বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। তাই এটাই বারাক ওবামার শেষ সুযোগ, আর এ সুযোগে মাত্র দু’বারেই রুজভেল্টকে ছুঁয়ে ফেললেন তিনি ঘটনাচক্রে। ২০০৯ সালে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি জন রবার্টস হঠাত্ তোতলাতে শুরু করায় একটা শব্দের উচ্চারণ ঠিকমতো করতে পারেননি। এইটুকুর জন্যই আবার ওবামাকে হোয়াইট হাউসে নতুন করে শপথ নিতে হয় পরের দিন। এবার সাংবিধানিকভাবে শপথ নেয়ার কথা ২০শে জানুয়ারি। সেদিন পড়ে যায় রবিবার, যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিন। অফিস-আদালত সব বন্ধ। তাই নিয়ম মানতে রবিবার একটি ঘরোয়া অনুষ্ঠানে শপথ নেন ওবামা। কিন্তু আনুষ্ঠানিক-ভাবে শপথ নেয়ার ব্যাপারটা তুলে রাখতে হয় সোমবারের জন্য। এক জনসমুদ্রে দাঁড়িয়েই শপথ নেন তিনি।
—ডয়চে ভেলে