প্রিয়াঙ্কাকে রাজনীতিতে দেখতে চান সোনিয়া
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
ভাইয়ের পর এবার রাজনীতিতে আসছেন বোন। মা সোনিয়া গান্ধী চাচ্ছেন মেয়ে প্রিয়াঙ্কা সরাসরি রাজনীতিতে অংশ নিক। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস সভানেত্রী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস সূত্রে জানা গেছে, এক্ষেত্রে পারিবারিক সিদ্ধান্ত হলো, সোনিয়ার জায়গায় রায়বেরেলি আসন থেকে ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। খবর আনন্দবাজার পত্রিকার।
রাহুল গান্ধী সম্প্রতি দলের সহ-সভাপতি হয়েছেন। তাই নির্বাচনী প্রচার কমিটির এখন তিনিই প্রধান কাণ্ডারী। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকায় রাহুলের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা না হলেও এটা স্পষ্ট যে, ভোটে জিতলে মনমোহন নয়, রাহুলই প্রধানমন্ত্রী হবেন। রাহুলের অভিষেকের পরে কমল নাথ, গুলাম নবি আজাদের মতো একাধিক নেতা এই বিষয়টি স্পষ্ট করেন। জয়পুর পর্ব মিটে যাওয়ার পরে আপাতত ‘নতুন ভারত’ গড়ার কথা মাথায় রেখে রাজ্যওয়াড়ি সফর শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। এই সর্বভারতীয় প্রচারে অবশ্য অংশ নিচ্ছেন না প্রিয়াঙ্কা । কংগ্রেস সূত্রের খবর, তার ভূমিকা হবে সীমাবদ্ধ। তিনি এতদিন ধরে মায়ের রায়বেরেলি ও ভাইয়ের আমেথি দেখাশোনা করেছেন । বাবা যখন বেঁচেছিলেন, তখন থেকে প্রিয়াঙ্কা আমেথি-রায়বেরেলি যাচ্ছেন। এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হলে রায়বেরেলি হবে তারই কেন্দ্র। জিতলে ভাইয়ের সঙ্গী হবেন তিনি। রাহুলের নেতৃত্বে গঠিত নবীন প্রজন্মের টিমকে সর্বতোভাবে সাহায্য করবেন। পাশাপাশি দেখাশোনা করবেন রাজীব গান্ধী ফাউন্ডেশনের কাজ। জয়পুরে মা ও ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কাও হাজির ছিলেন। প্রকাশ্য অধিবেশনে মঞ্চের পাশে প্রিয়াঙ্কাকে দেখা গেছে। জয়পুরের অধিবেশনের বেশ কয়েক মাস আগেই সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা তাদের কয়েকজন পারিবারিক উপদেষ্টার সঙ্গে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এবার একদিকে রাহুল হবেন কংগ্রেসের প্রধান মুখ, অন্যদিকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা।