পরমাণু অস্ত্র কার্যক্রম আরো শক্তিশালী হবে : পিয়ংইয়ং
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
নিরাপত্তা পরিষদ বুধবার উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের মেয়াদ বাড়ানোর পরই পরমাণু অস্ত্র কার্যক্রম আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে পিয়ংইয়ং। এদিন দেশটির পক্ষ থেকে জানানো হয়, কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আর কোন কথা হবে না। তারা সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে তুলতে আরো বেশি মনোনিবেশ করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ একথা জানায়।
উত্তর কোরিয়ার এ ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে নিরাপত্তা পরিষদ ডিসেম্বরে দেশটির রকেট উেক্ষপণের বিষয়ে নিন্দা প্রস্তাবে ভোটদান করে। পরিষদ জানায়, তাদেরকে সম্পূর্ণভাবে পরমাণু প্রকল্প পরিহার এবং নতুন করে কোন প্রকল্প চালু না করার কথা বলা হয়েছিল। কিন্তু তারা সেটা মানেনি। এদিকে ব্যালিস্টিক মিসাইল উন্নত করার লক্ষ্যে দেশটি পশ্চিমে একটি পরমাণু প্রকল্প চালু করার কথা বিবেচনা করছে।