সংবাদ কণিকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২০:৫৬
মৌমাছির হুল চিকিত্সা
চীনে মৌমাছির হুল ফুটিয়ে চলছে চিকিত্সা। চিকিত্সা নিচ্ছেন অন্তত ২৭ হাজার রোগী। তবে সমালোচকরা বলছেন, এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। মৌমাছির হুলের কথা শুনলে যে কেউ আতঙ্কে শিউরে উঠতে পারে। কিন্তু চীনে আকুপাংকচারের ক্লিনিকগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই হুল ফোটানো চিকিত্সা। বেইজিং-এর ওয়াং মেংলিং-এর ক্লিনিক তাদেরই একটি। —ডয়েচে ভেলে
ফেসবুকেই রেস্টুরেন্ট বুকিং
অনলাইন রেস্টুরেন্ট বুকিং সার্ভিস ‘ওপেন টেবিল ডটকমের’ সঙ্গে চুক্তি করল ফেসবুক। এতে ফেসবুক অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে রেস্টুরেন্টের টেবিল বুকিং নেয়া যাবে। এক ঘোষণায় জানানো হয়েছে, ফেসবুক অ্যাপ ব্যবহার করে উত্তর আমেরিকার ২০ হাজার রেস্টুরেন্টে টেবিল বুক করা যাবে। —রয়টার্স
মহাকাশচারীদের সম্মেলন
সম্প্রতি ‘অ্যাসোসিয়েশন অফ স্পেস এক্সপ্লোরার্স’-এর সদস্যরা কোলোন শহরে মিলিত হয়েছিলেন। তাদের বিরল অভিজ্ঞতার কিছুটা স্বাদ পেলেন সাধারণ মানুষও। এ সময় কোলোন শহরে এসেছিলেন ৮০ জন মহাকাশচারী। তাদের প্রত্যেকেই কমপক্ষে একবার পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেছেন। বিরল এই অভিজ্ঞতা যাদের হয়েছে তারা সবাই পরস্পরকে চেনেন। আমেরিকা ও অন্যান্য দেশের অ্যাসট্রোনটদের সান্নিধ্য পাওয়া কি সহজ কথা! —ডয়েচে ভেলে