তিন বছরে ২৭০ জন সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে

পাকিস্তানে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের ৪২টি প্রশিক্ষণ ক্যাম্প চলছে বলে ভারত অভিযোগ করেছে। এছাড়া জম্মু ও কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গত তিন বছরে ২৭০ জন সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। একই সময়ে এক হাজারবার সন্ত্রাসীদের প্রবেশের চেষ্টা চলে। গত ৬ আগস্ট ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এসব তথ্য জানান ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরপিএল সিং। তিনি আরো জানান, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর হাতে ১৬০ জন নিহত হয়েছে এবং ৫৭০ জন ফেরত গেছে। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে ২০ বছরের বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী তত্পরতা চলছে। সীমান্ত এলাকায় বা প্রতিবেশী দেশে এ ধরনের সন্ত্রাসী প্রশিক্ষণ ও আশ্রয়দানের অভিযোগ নতুন নয়। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সব সময় শোনা যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনাও নতুন কিছু নয়। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়ে পাঁচজন ভারতীয় নিরাপত্তা রক্ষী নিহত হয়। এরপর আবার দুই দেশের নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। এ ক্ষেত্রেও উস্কানি দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। — আল মামুন