ইউরোপে দ্রুতগামী ট্রেনে হামলার পরিকল্পনা আল কায়েদার
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:৫২
ইউরোপ জুড়ে দ্রুতগতির রেলে হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন আল কায়েদা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কাছ থেকে আল কায়েদার এ চক্রান্তের তথ্য পাওয়া গেছে বলে সোমবার জানিয়েছে জার্মানির বিল্ড পত্রিকা।
এনএসএ কয়েক সপ্তাহ আগে আল কায়েদার ঊর্ধ্বতন সদস্যদের ফোনে আড়িপেতে এ তথ্য পায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞর উদ্ধৃতি দিয়ে বিল্ড জানায়, রেল অবকাঠামোয় অন্তর্ঘাতমূলক তত্পরতাসহ ট্রেনে বোমা হামলা চালাতে পারে আল কায়েদা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জার্মানি ইতোমধ্যেই দেশের রেল ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করেছে। দ্রুতগতির আন্তনগর (আইসিই) ট্রেন চলাচলে জার্মান কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানায় বিল্ড।
তবে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায়ই আল কায়েদার এমন হুমকির কারণে সার্বিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে না। ওদিকে, জার্মানির রেল পরিচালনা কর্তৃপক্ষের মুখপাত্র বিল্ডের প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বলেছেন, সম্ভাব্য যে কোনো হুমকির ব্যাপারে তারা নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।