পাকিস্তানে ১০০ টন বোমা তৈরির উপকরণ উদ্ধার, আটক ১০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বোমা তৈরির ১০০ টন রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। উদ্ধারকারী দলের প্রধান কর্ণেল মকবুল শাহ জানান, জব্দ করা রাসায়নিক পদার্থের মধ্যে রয়েছে পটাশিয়াম ক্লোরেট, অ্যামোনিয়াম ক্লোরেট অ্যাসিড ও তারসহ বোমা তৈরির নানা সরঞ্জাম। এছাড়া একটি বোমা তৈরির যন্ত্রও সেখানে পাওয়া যায়। তিনি জানান, চলতি বছরের শুরুতে এই একই ধরনের উপকরণ দিয়ে তৈরি দুটি বোমা হামলায় কোয়েটা শহরে ১২০ জন লোক নিহত হয়েছিল, যার দায়ভার স্বীকার করেছিল সুন্নী জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভি। তিনি বলেন, এ ঘটনা বর্তমানে জঙ্গিদের নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা প্রায়ই এ স্থানটিসহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে। অনেক সময় জঙ্গিগোষ্ঠীর তরফ থেকে এর দায়ভার স্বীকার করা হয় আবার অনেক সময় তারা তা স্বীকার করে না। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে তালেবান হামলার পাশাপাশি জাতিগত সহিংসতার ঘটনাও ঘটছে। ওই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী দল বেলুচ লিবারেশন আর্মিও সক্রিয়। তারাও মাঝে-মধ্যে সহিংস ঘটনা ঘটাচ্ছে। কর্ণেল মকবুল আরো জানান, ১৫ টন পটাশিয়াম ক্লোরেট বোঝাই একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতারের পরই কোয়েটার একটি গুদামঘরে অভিযান চালিয়ে ওইসব বিস্ফোরক দ্রব্য আটক করা হয়। এর মধ্যে আট ড্রামে থাকা উপকরণ ছিল একেবারে প্রস্তুত, যাতে কোন স্বয়ংক্রিয় যন্ত্র বসিয়ে দিলেই মুহূর্তের মধ্যে তা ভয়াবহ বিস্ফোরণ ঘটাতো। তিনি বলেন, আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে ভয়ংকর কিছু ঘটার আগেই আমরা তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এখনও পর্যন্ত কোন গ্রুপ এর দায়ভার স্বীকার করেনি।