পাকিস্তানে নারী ভোটারদের হত্যার হুমকি তালেবানের
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২১:০২
নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) খাইবার পাখতুনখোয়ার নারী ভোটারদের গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটদানে বিরত থাকতে হুমকি দিয়েছে। নইলে তাদের অপহরণ ও হত্যা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। -খবর ডন অনলাইনের।
খাইবার পাখতুনখোয়ার নির্বাচনী আসন পিএফ-৪২ হাঙ্গু-১ এ গতকাল অনুষ্ঠিত হয় এই উপনির্বাচন। তালেবান বুধবার দিনভার হাঙ্গু বাজারে আসা মানুষজনের মধ্যে হুমকি সম্বলিত এই লিফলেট বিতরণ করে। পুলিশ নিশ্চিত করেছে লিফলেটটি তালেবানই প্রচার করেছে। গত ১১ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময়ও তালেবান একই ধরনের লিফলেট বিতরণ করে। হাঙ্গুর বিভিন্ন এলাকা থেকে তালেবান সে সময় বেশ কয়েকটি ব্যালট বক্স ছিনিয়ে নিয়েছিল। কোহাটের পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইশতিয়াক মারওয়াত জানান, উপনির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। ৮৯টি নির্বাচনী কেন্দ্রের মধ্যে ৫১টিকে খুবই স্পর্শকাতর ঘোষণা করে সেখানে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর তেহরিক-ই তালেবান শান্তির পক্ষে আন্দোলনকারী কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা চালায়। তালেবান বিরোধী প্রচার-প্রচারণা, নারী শিক্ষা ও অধিকারের প্রশ্নে সোচ্চার হওয়ায় তালেবান সোয়াত ভ্যালিতে স্কুল থেকে ফেরার পথে মালালাকে গুলি করে গুরুতর আহত করে। মাথা ও ঘাড়ে গুলি লাগে তার। এসময় আহত হয় আরো দু’জন। বিশ্বমিডিয়া ফলাও করে প্রকাশ করে এই খবর। সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে।