ভারতে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এক কঠিনতম কাজ

ভারতের সমাজ জীবনে কুসংস্কার গভীরভাবে প্রোথিত। এর বিরুদ্ধে লড়াই যে খুব কঠিন, সেটা জীবন দিয়ে বুঝিয়ে গেলেন কুসংস্কার-বিরোধী আন্দোলনকারী ডা. নরেন্দ্র দাভোলকর। মহারাষ্ট্রের পুনেতে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। ডা. দাভোলকরের বক্তব্য ছিল, তিনি ধর্মবিশ্বাস বা ঈশ্বরবিশ্বাসের বিরোধী নন। কিন্তু এই বিশ্বাসের কালোবাজারি করে যারা মানুষকে ঠকান, শোষণ করেন, তাদের সম্পর্কে সমাজকে সচেতন করাই তার লক্ষ্য। এমন অনেক তথাকথিত সাধুবাবা, তান্ত্রিক আছেন যারা নানা ছলচাতুরি ও কালো ম্যাজিকের ব্যবসা ফেঁদে দিব্যি থাকেন। — খবর ডয়েচে ভেলের। তাদের মাথায় করে রাখেন সাধারণ মানুষ থেকে রাজনীতিক, শিল্পপতি, ব্যবসায়ী, এমন কি মিডিয়া পর্যন্ত। চন্দ্রস্বামী থেকে ধীরেন ব্রহ্মচারির মতো লোক “গডম্যান কাল্ট” দিয়ে ভারতের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন। এর সঙ্গে বিশ্বাস-অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। আছে স্রেফ অন্ধবিশ্বাস। সারা পৃথিবী জুড়েই এসব জিনিস চলছে। সাধারণ অশিক্ষিত, আধাশিক্ষিত গ্রামগঞ্জের মানুষকে শোষণের হাত থেকে বাঁচাতে তাই ডা. দাভোলকর উপযুক্ত আইন চেয়েছিলেন। যুক্তিবাদী হিসেবে ডা. দাভোলকর মনে করতেন, হিন্দু নারীরা নানা উপলক্ষে দিনের পর দিন উপবাস পালন করতে গিয়ে রক্তাল্পতার শিকার হন।