মেক্সিকোতে অ্যামোনিয়া গ্যাসে ৯ জনের মৃত্যু
ওয়াক্সাসা (মেক্সিকো) থেকে বাসস
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২১:০৪
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু ও আরো ৪০ জন আহত হয়েছে। সড়ক শ্রমিকরা অ্যামোনিয়া গ্যাসের একটি পাইপলাইন দুর্ঘটনাক্রমে ফুটো করে ফেললে এ পরিস্থিতির উদ্ভব ঘটে। বুধবার কর্মকর্তারা জানান, ম্যাটিয়াস রোমেরো ও ব্যারিও সোলেদাদ পৌরসভার কাছে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রায় দেড় হাজার লোককে আশপাশের শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্র পরিচালিত জ্বালানি কোম্পানি পেমেক্স ও ওয়াক্সাকা গভর্নমেন্ট মৃতের সত্যতা নিশ্চিত করেছে।
শ্রমিকদের কোদালের আঘাতে পাইপলাইনটি ফুটো হয়ে যায়। এ সময় তারা রাস্তা প্রশস্ত করার কাজ করছিল। পুলিশ ও সেনা সদস্যরা রাস্তাটি বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পেমেক্সের এটা সর্বশেষ দুর্ঘটনা। সামপ্রতিক বছরগুলোতে কোম্পানিটি কয়েকটি দুর্ঘটনার কবলে পড়ে। চলতি বছরের গোড়ার দিকে কোম্পানির মেক্সিকো সিটিস্থ সদর দপ্তরে একটি লাইনে গ্যাস ফুটো হবার ঘটনায় ৩৭ জনের প্রাণহানি ঘটে।