বেঁচে গেলেন রেবেকা

মিডিয়া ধনকুবের রুপার্ট মার্ডকের অত্যন্ত বিশ্বস্ত সাংবাদিক এবং ২০১১ সালে বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর সম্পাদক রেবেকা ব্রুকস যুক্তরাজ্যের বহুল আলোচিত ফোন হ্যাকিং কেলেঙ্কারি মামলায় বেকসুর খালাস পেয়েছেন। কিন্তু ওই ট্যাবলয়েডেরই আর এক সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসন একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ওল্ড বেলি আদালতে ১৩০ দিন শুনানি চলার পর জুরিরা আট দিন ধরে আলোচনা করে এই সিদ্ধান্তে আসেন। ২০১১ সালে ফোন হ্যাকিংয়ের ঘটনা জনসমক্ষে আসার পর কুলসনকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মিডিয়া উপদেষ্টার পদ ছাড়তে হয়। এই মামলায় কুলসনের জেলও হতে পারে। রায় শোনার পর ব্রুকস অবশ্য কোনও আবেগ না দেখিয়ে, চিত্রগ্রাহকদের বেষ্টনী এড়িয়ে, এক নার্সের সঙ্গে ট্যাক্সিতে গিয়ে ওঠেন। পিছনেই ছিলেন তার স্বামী চার্লি। ২০১১ সালে অভিযোগ ওঠে যে ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিকরা মিলি ডাউলার নামে এক নিহত স্কুলছাত্রীর মোবাইলের ভয়েসমেল হ্যাক করেন। এছাড়াও প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটসহ প্রায় ১০০০ মানুষ হ্যাকিংয়ের শিকার হন। পুলিশ জানায়, নিয়মিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করার মরিয়া চেষ্টায় ওই ট্যাবলয়েডের সাংবাদিকরা নিশানা করেছিলেন বিশিষ্ট রাজনীতিক, খেলোয়াড়, সমাজের নামজাদা লোক, এমনকী প্রতিদ্বন্দ্বী কাগজের সাংবাদিকদেরও। এরপরই প্রধানমন্ত্রী ক্যামেরন মিডিয়া সংক্রান্ত আচরণবিধি নিয়ে তদন্তের নির্দেশ দেন। ওই বছরেরই জুলাই মাসে বন্ধ হয়ে যায় ১৬৮ বছরের ঐতিহ্যসম্পন্ন ট্যাবলয়েড নিউজ অফ দ্য ওয়ার্ল্ড। শুনানির সময় কুলসন হ্যাকিংয়ের একটি ঘটনা সম্পর্কে অবহিত থাকার কথা স্বীকার করলেও, ব্রুকসের আইনজীবী বলেন, তার মক্কেলের সঙ্গে যা করা হল, তা মধ্যযুগীয় ‘ডাইনি-খোঁজা’র সঙ্গেই তুলনীয়।