জঙ্গিদের গুঁড়িয়ে দেয়ার প্রত্যয় সৌদি বাদশাহর
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২০:৫৫
রমজান উপলক্ষ্যে দেয়া এক বার্তায় সৌদি আরবের প্রতি হুমকি সৃষ্টিকারী ইসলামী জঙ্গিদের গুঁড়িয়ে দেয়ার প্রত্যয় জানিয়েছেন দেশটির বাদশা আবদুল্লাহ। শনিবার এক প্রতিবেদনে সৌদি আরবের রাষ্ট্রিয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারী দেশটি সন্ত্রাসীচক্রকে সহ্য করবে না। প্রতিবেশী ইরাকে বিদ্রোহী ইসলামি জঙ্গিরা ব্যাপক অস্থিরতা সৃষ্টি করার প্রেক্ষিতে সন্ত্রাসীদের হুমকি থেকে সৌদি আরবকে রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন আবদুল্লাহ। সম্প্রতি ইরাকে শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সরকারের কাছ থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরসহ বেশ কয়েকটি শহর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ব্যাপক এলাকা দখল করে নিয়েছে জঙ্গিদের নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা। এই প্রেক্ষিতে মুসলিমদের পবিত্র রমজান মাসের শুরুতে দেয়া ওই বার্তায় বাদশা আবদুল্লাহ বলেন, আমরা এখানে সন্ত্রাসীদের কোনো চক্র গড়ে উঠতে দেব না, আমাদের মাতৃভূমিতে বা এর কোনো সন্তানকে বা এর কোনো বাসিন্দাকে স্পর্শ করার সুযোগও দেব না। এরা সুরক্ষিত মুসলিমদের আতঙ্কিত করার ব্যক্তিগত স্বার্থ আড়াল করতে ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে। এর আগে বোমা বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মধ্যদিয়ে ইসলামি জঙ্গিগোষ্ঠি আল-কায়েদা সৌদি আরবে তত্পরতা শুরুর চেষ্টা করলে তাদের গুঁড়িয়ে দেয় রাষ্ট্রটি। এখন জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ড (আইএসআইএল)-এর নেতৃত্ব সুন্নি বিদ্রোহীরা ইরাকের ব্যাপক অংশ দখল করে রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে উত্কণ্ঠিত হয়ে পড়েছে রাজতান্ত্রিক সৌদি আরব। ইরাকের সঙ্গে দেশটির ৮শ’ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে।