নাইজেরিয়ার বাজারে বোমা হামলায় নিহত ২০
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:৪৩
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বাজারে কাঠকয়লা বহনকারী একটি ভ্যানে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বর্নো রাজ্যের প্রধান শহর মাইদুগুরিতে এ ঘটনা ঘটে। বাজার সংলগ্ন রাস্তায় ঘটা এ বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ও ট্যাক্সি ধ্বংসস্তূপে পরিণত হয়। এসব গাড়ি ও ট্যাক্সি থেকে তখন যাত্রী ও মালামাল নামানো হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা দপ্তর বলেছে, “কাঠকয়লা ও আইইডি (ঘরে তৈরি বোমা) ভর্তি একটি ভ্যান বিস্ফোরিত হয়েছে।” মাইদুগুরির মানবাধিকার আন্দোলন কর্মী মুসা সুমাইল জানিয়েছে, তিনি ২০টি মৃতদেহ গুনেছেন। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মদু বা’আনা বলেছেন, “অনেক মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই ট্যাক্সিচালক। রাস্তার পাশে ট্যাক্সি রেখে যাত্রীর অপেক্ষায় ছিলেন তারা।” এছাড়া একইদিন রাতে উত্তর নাইজেরীয় শহর কাদুনায় অপর এক বিস্ফোরণে দু’জন আহত হয়েছেন। এসব বিস্ফোরণের জন্য তাত্ক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার না করলেও ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এসব হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।