সংবাদ কণিকা
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:৪৪
ইরাক সংকটে নতুন মুখ সিস্তানি
নতুন সরকারে মালিকিকে বাদ রাখার নির্দেশ দেয়ার কারণেই মূলত আলোচনায় উঠে আসেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল সিস্তানি। শিয়া রাজনৈতিক সংস্কৃতিতে প্রধান ধর্মীয় নেতার রাজনীতির বিষয়ে মত প্রকাশের নজির খুবই কম। গত তিন সপ্তাহ ধরে জুমার নামাযের বক্তব্যে ইরাকের সামপ্রতিক পরিস্থিতিতে একই নির্দেশনাগুলো স্পষ্ট করে যাচ্ছেন ৮৩ বছর বয়সী সিস্তানি। ইরাকে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে যার রয়েছে অগণিত অনুসারী। সিস্তানির বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। -রয়টার্স
বোকো হারামের গোয়েন্দা প্রধান আটক
বোকো হারামের গোয়েন্দাচক্রের প্রধান হিসেবে চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে নাইজেরীয় সেনাবাহিনী। সোমবার গ্রেপ্তার এই ব্যবসায়ী দেশটির ২০০ স্কুলছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত। বাবুজি ইয়া’আরি নামের এই ব্যক্তি দেশটির বেসামরিক তরুণ বাহিনীরও সদস্য। নিজের সন্ত্রাসী চরিত্র আড়াল করতে সরকার সমর্থিত তরুণ বাহিনীকে তিনি ব্যবহার করতেন বলে জানা গেছে। এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ক্রিস ওলুকোলাদে জানিয়েছেন, বাবুজি গওজার আমিরকে হত্যায়ও নেতৃত্ব দিয়েছেন। —বিবিসি