শি জিনপিংয়ের সিউল সফরে আলোচনার কেন্দ্রে পিয়ংইয়ং
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১৭
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এ সফরে আলোচনায় উত্তর কোরিয়া ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। এই প্রথমবারের মত চীনা নেতা সিউল সফরে গেলেন। চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক যখন শীতল ঠিক এমন সময়ে শি এ সফরের উদ্যোগ নিলেন। উত্তর কোরিয়া চীনের একটি বড় বাণিজ্যিক মিত্র দেশ। অনেকদিন ধরেই এ অঞ্চলের ওপর প্রভাব বিস্তার করে আসছে দেশটি। কিন্তু প্রতিবেশী দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডে আশাহত হয়েছে বেইজিং। গত বছর পিয়ংইয়ং তার তৃতীয় পরমাণু পরীক্ষা চালিয়েছে। এছাড়া চতুর্থবারের মত পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে খবর পাওয়া গেছে। এছাড়া দুই দেশের ভেতর যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে তার দিকে লক্ষ্য রেখে অর্থনৈতিক বন্ধন আরো বৃদ্ধি করতে শি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের মধ্যে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। ওদিকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে দুই দেশই অপ্রত্যাশিত বলে উল্লেখ করলেও এটি বন্ধের বিষয়ে আপত্তি রয়েছে চীনের।