বিদ্রোহীদেরকে ক্ষমার প্রস্তাব মালিকির
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১৭
সমপ্রীতির বিরল উদ্যোগ নিয়ে দেশের বিশাল একটি অংশে জাঁকিয়ে বসা সুন্নি বিদ্রোহীদেরকে সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি। বুধবার মালিকি সরকারের সঙ্গে লড়াইরত সুন্নি বিদ্রোহীদের এ প্রস্তাব দেয়ার পাশাপাশি তাদের দখল করে নেয়া অঞ্চলকে ‘ইসলামি খিলাফত’ বা ইসলামিক রাষ্ট্র ঘোষণাকে গোটা অঞ্চলের জন্য হুমকি বলেও বর্ণনা করেন। সুন্নি যোদ্ধাদের সংখ্যা কমানো এবং সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়া জিহাদিদের প্রতি সুন্নি সমপ্রদায়ের সমর্থন কমানোর চেষ্টায় মালিকি সাধারণ ক্ষমার প্রস্তাবটি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইরাকে ঐক্য সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মালিকি এ উদ্যোগ নিলেন।
সাপ্তাহিক টিভি ভাষণে তিনি বলেন, “রাষ্ট্রের বিরুদ্ধে তত্পরতায় লিপ্ত সব মানুষ এবং সব আদিবাসীর জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি। যারা এখন সঠিক বিচার-বিবেচনাবোধ ফিরে পেয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাই। যারা হত্যাযজ্ঞে জড়িত তারা ছাড়া আর সবাই এ ক্ষমার আওতায় থাকবে”। এরপরই সতর্ক করে দিয়ে মালিকি বলেন, “সুন্নি চরমপন্থিরা সমপ্রতি তাদের দখল করে নেয়া অঞ্চলকে ইসলামি রাষ্ট্র হিসাবে যে ঘোষণা দিয়েছে তা গোটা অঞ্চলের জন্যই হুমকি”।
সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেয়া ইসলামি জঙ্গিগোষ্ঠী ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) জুনের শেষদিকে তাদের দখলকৃত এলাকাকে ইসলামি খিলাফত ঘোষণা করে এর স্বীকৃতির জন্য বিশ্বের মুসলিম সমপ্রদায়ের প্রতি আহ্বান জানায়।
এদিকে সুন্নি জঙ্গিদের সংগঠন আইএসআইএল’র অগ্রযাত্রা ঠেকাতে ইরাক সরকারকে যুদ্ধ বিমান দিয়েছে ইরান। এর আগে রাশিয়াও মালিকি সরকারের সহযোগিতায় যুদ্ধ বিমান পাঠিয়েছিল। তবে গত এক জুলাইয়ে সরবরাহ করা যুদ্ধ বিমানগুলো ইরানের পক্ষ থেকে গেছে বলে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটেজিক স্ট্যাডিজ (আইআইএসএস)।