সংবাদ কণিকা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১৮
‘আত্মহত্যার ঝুঁকিতে’ অস্কার পিস্টোরিয়াস
অস্কার পিস্টোরিয়াস মানসিক অশান্তিতে ভুগছেন এবং আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন বলে মনোচিকিত্সকদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার পিস্টোরিয়াসকে নিয়ে মনোবিজ্ঞানীদের এ পর্যবেক্ষণ প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। দুই পা না থাকা সত্ত্বেও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন পিস্টোরিয়াস।
সদাচরণে সহায়ক সহিংস ভিডিও গেম!
দাঙ্গা-হাঙ্গামার বিষয়বস্তু নিয়ে তৈরি করা ভিডিও গেম খেলোয়াড়দেরকে আরো আগ্রাসী করে তোলে বলেই আমরা জানি। কিন্তু নতুন একটি গবেষণা বলছে সম্পূর্ণ বিপরীত কথা। বলা হচ্ছে, সহিংস ভিডিও গেম বাস্তব জীবনে মানুষকে সদাচারী করে তোলা এমনকি নৈতিকতাবোধও জাগিয়ে তুলতে সহায়ক হতে পারে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, গেম খেলার সময় অবিরাম সহিংস কাজ করার কারণে খেলোয়াড়ের মধ্যে এক ধরনের অপরাধবোধ জেগে ওঠে। এতে করে খেলোয়াড়রা বাস্তব জীবনে স্পর্শকাতর বিষয়গুলোতে আরো সতর্ক আচরণ করে।
পানামা-ভেনেজুয়েলা ফের কূটনৈতিক সম্পর্ক
পানামার সঙ্গে ভেনেজুয়েলা ফের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা জানান। ৫ মার্চ ভেনেজুয়েলার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট উগো শ্যাভেজের মৃত্যুবার্ষিকীতে পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন মাদুরো। মঙ্গলবার হুয়ান কার্লোস ভ্যালেরা পানামার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিলেন মাদুরো।
হন্ডুরাসে স্বর্ণখনি ধসে ১১ জন আটক
হন্ডুরাসে বুধবার নিবন্ধনহীন একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ১১ জন আটকা পড়েছে। হন্ডুরাসের রাজধানীতে ফায়ার ব্রিগেডের মুখপাত্র অস্কার ত্রিমিনিও জানান, হন্ডুরাসের দক্ষিণাঞ্চলীয় এল কর্পাস শহরে স্বর্ণখনি ধসে শ্রমিকরা ৮০ মিটার গভীরে আটকা পড়েছে। — এএফপি