ইত্তেফাক ও নিউজপেপার অলিম্পিয়াডের চুক্তি স্বাক্ষর

দৈনিক ইত্তেফাক ও ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াডের (এনএনও) মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এখন থেকে জাতীয় পর্যায়ে 'দেশসেরা পত্রিকা বিশারদের খোঁজে' শীর্ষক প্রতিযোগিতার আয়োজকের ভূমিকায় থাকবে দৈনিক ইত্তেফাক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে কাওরানবাজারস্থ ইত্তেফাক ভবনের মজিদা বেগম মিলনায়তনে অলিম্পিয়াড আয়োজনের সার্বিক বিষয়াবলী ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন প্রতিষ্ঠান দু'টির প্রতিনিধিরা।

দৈনিক ইত্তেফাকের পক্ষে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ইত্তেফাকের সহকারী সম্পাদক রিয়াদ খন্দকার। নিউজপেপার অলিম্পিয়াডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংগঠনটির হেড অব ইভেন্টস আয়মান সাবিত।

এসময় ইত্তেফাক অনলাইনের হেড অব ডিজিটাল মার্কেটিং শরাফত হোসেন, ইত্তেফাক অনলাইনের সহসম্পাদক সৈয়দ তাওসিফ মোনাওয়ার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ শাফায়েত আহমেদ উপস্থিত ছিলেন। নিউজপেপার অলিম্পিয়াডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাফকাত জহির, ফাহিম মুনতাসির, দোলন বিন্তি ও হেড অব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মুমতাহিনা মৌমিতা।

ইত্তেফাকের সঙ্গে নিউজপেপার অলিম্পিয়াডের সদস্যদের মতবিনিময়। ছবি: তানভীর আহাম্মেদ/ইত্তেফাক

বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম পত্রিকা ইত্তেফাকের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে আরও বড় ও বিস্তৃত পরিসরে অলিম্পিয়াড আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনএনও'র প্রতিনিধিরা।

শিশুকিশোর ও তরুণদের মাঝে নিয়মিত সংবাদপত্র পাঠের অভ্যাস বাড়াতে ২০১৮ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করে নিউজপেপার অলিম্পিয়াড। 'দেশসেরা পত্রিকা বিশারদ' খুঁজতে ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতা আয়োজন করে সংগঠনটি, যেখানে সারাদেশ থেকে অসংখ্য প্রতিযোগি অংশ নেয়। এছাড়া মিডিয়া সামিট, নিয়মিত কর্মশালা, লেখালেখির প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি। স্বল্পসময়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী সদস্য হিসেবে যুক্ত হয়েছে এনএনও'র সাথে।

ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াডের তৃতীয় আসরের আয়োজক হিসেবে থাকবে দৈনিক ইত্তেফাক। আয়োজনে সহযোগিতা করবে নিউজপেপার অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবী সদস্যরা। দেশের ৬৪ জেলায় প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। স্থানীয় পর্যায়ের বিজয়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের রাউন্ড। শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো বয়সের মানুষ এতে অংশ নিতে পারবেন।