গলাচিপায় মুদি দোকানের বকেয়া পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হাওলাদার (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাটিভাঙ্গা বাজারে। এ ঘটনার সঙ্গে জড়িত বাহাউদ্দিন (৪০), নূর মোহাম্মদ (৩৫) ও হৃদয় মোল্লা (২৫) নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ইসমাইল হাওলাদারের ছেলে রাকিব হাসান ১৬ জনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১৫ জন অজ্ঞাত আসামি করে শনিবার গলাচিপা থানায় মামলা করেন।
রাকিব হাসান জানান, উপজেলার মাটি ভাঙ্গা বাজারে তার বাবা ইসমাইল হাওলাদারের মুদি দোকান থেকে গত চার মাস আগে পার্শ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে রফিক মোল্লা তিন হাজার টাকার পণ্য বাকিতে নেয়। শুক্রবার সকালে রফিক মোল্লা মাটিভাঙ্গা বাজারে আসলে ইসমাইল হাওলাদার দোকানের বকেয়া পাওনা টাকা চান। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে রফিক মোল্লার নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইল হাওলাদারের দোকানে এসে ছেলে রাকিবকে মারধর করে। এসময় ইসমাইল এতে বাধা দিলে ইসমাইল ও তার ছেলে রাকিবের উপর হামলা ও দোকান ভাঙচুর করে। এতে বৃদ্ধ ইসমাইল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ইসমাইলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মৃত ইসমাইলের মেজ ছেলে রাকিব বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।