নওগাঁর মহাদেবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের ব্রহ্মামূর্তি উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশ। এ সময় বাড়ির মালিক গণেশ পালসহ (৪০) মূর্তি পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়ার গণেশ পালের বাড়িতে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন মহাদেবপুর উপজেলার বোবাতোর গ্রামের সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মনি মন্ডল (২৫) ও তাতারপুর সরকার পাড়াগ্রামের রকি সরকার (২৯)।
গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গোয়েন্দা সংস্থা গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারে, সুমন আচার্য কষ্টিপাথরের মূর্তি কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত। এরপর দীর্ঘদিন সুমন আচার্যকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে কষ্টি পাথর কেনাবেচা করা হবে এমন তথ্যেও ভিত্তিতে গোয়েন্দা সংস্থা থানা পুলিশের সহযোগিতায় গণেশ পালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গণেশের বাড়িতে রাখা ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের ব্রহ্মামূর্তি উদ্ধার ও তাদের আটক করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, ঘটনায় থানায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।