জামিন পেয়েছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। রবিবার (১০ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া ৫ হাজার টাকার বন্ডে তার জামিন প্রদান করেন। জামিনের আদেশ মুন্সীগঞ্জ জেলা কারাগারে পৌঁছালে তিনি বিকেল ৫টায় মুক্ত হন।
কারাগার থেকে বের হয়ে মানসিক ও শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়া হৃদয় মণ্ডল সরকারের কাছে নিরাপত্তা চেয়ে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’
ষড়যন্ত্রকারীদের নাম উল্লেখ না করে বলেন, ‘পড়াশোনা করে না এমন কিছু বিপথগামী ছাত্র আছে। কিছু-শিক্ষকদের সঙ্গে মিলে আমাকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। বারবার ধর্মীয় অনুভূতির প্রশ্ন করে মিথ্যাভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। আশপাশে টিউশনির ব্যাপারসহ অন্যান্য কারণও থাকতে পারে। তিনি ভাল শিক্ষক হওয়ায় তার কাছে অনেক শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসে। এ নিয়ে ঈর্ষান্বিত হয়ে এর আগেও তাকে অপমানিত করার চেষ্টা করা হয়েছে।’
বিজ্ঞান ক্লাসে ধর্ম অবমাননার কথিত অভিযোগে হৃদয় মণ্ডলকে গত ২২ মার্চ থানায় নিয়ে আসে পুলিশ। পরে বিদ্যালয়টির অফিস সহকারী বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ২৮ মার্চ মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এ তার জামিন আবেদন করা হলে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে জামিন নামঞ্জুরের পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য ৪ এপ্রিল ফৌজদারি মিস মামলা করেন। পরে আসামির জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন।